NEET-UG পরীক্ষার ফল প্রকাশ প্রথম! ২০-এর মেধা তালিকায় বাংলার দুই পড়ুয়া

এবার প্রকাশিত হল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) ফলাফল। মেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকা নিট ইউজি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট)-এর ফল প্রকাশ করা হল। গত মে মাসে হয়েছিল পরীক্ষা। পরীক্ষা শেষের এক মাস ১০ দিনের মাথায় ফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
শনিবার দুপুরে পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে বলা হয়েছে, ‘এখন নিট পরীক্ষার রেজাল্ট দেখা যাচ্ছে। নিজেদের স্কোরকার্ডের জন্য প্রার্থীদের ইমেল আইডি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। সেইসঙ্গে লগইন সংক্রান্ত তথ্য দিয়ে তাঁরা neet.nta.nic.in থেকে নিজেদের স্কোরকার্ড দেখতে পারবেন।’

২০২৫ সালের ৪ মে নিট ইউজি-র আয়োজন করা হয়েছিল। দেশ এবং বিদেশের মোট ৫৬৬টি শহরে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৫,৪৬৮টি। এ বছর পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন মোট ২,২৭,৬০৬৯ জন। পরীক্ষা দিয়েছিলেন মোট ২,২০,৯৩১৮ জন। পুরুষ এবং মহিলা পরীক্ষার্থী ছিলেন যথাক্রমে ৯৬৫৯৯৬ এবং ১৩১০০৬২ জন। এ ছাড়া, রূপান্তরকামী পরীক্ষার্থী ছিলেন ১১ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এ বারে ছিল কম।
পশ্চিমবঙ্গ থেকে প্রথম ২০-এর মেধা তালিকায় রয়েছেন দু’জন। ষোড়শ স্থানে রচিত সিংহচৌধুরি এবং ২০ তম স্থানে রূপায়ন পাল। এ ছাড়াও ৬৭তম স্থানে রয়েছেন আর এক বাঙালি, অনীক ঘোষ।
পরীক্ষার্থীরা neet.nta.ac.in এবং nta.ac.in এই দু’টি ওয়েবসাইট থেকে তাঁদের ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি রেজাল্ট দেখা যাবে উমাঙ্গ অ্যাপ এবং ডিজিলকারের মাধ্যমেও। এ বছরই প্রথম পরীক্ষার্থীদের নথিভুক্ত মেল আইডিতে নিট ইউজি-র স্কোরকার্ড-ও পাঠাবে এনটিএ।
উল্লেখ্য, গত বছর নিট ইউজি-র প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে একাধিক বিতর্ক দানা বেঁধেছিল। এ বছর যাতে একই ঘটনার পুনরবাবৃত্তি না ঘটে তার জন্য বেশ কিছু পদক্ষেপ করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ।
কীভাবে অনলাইনে NEET-র রেজাল্ট দেখতে হবে?
১) আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইট https://neet.nta.nic.in/-তে যেতে হবে।
২) সেখানে ‘NEET(UG)-2025 Result’ এবং ‘NEET(UG)-2025 Result (Alternate Link)’ আছে। যে কোনও একটি লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) যে নতুন পেজ খুলে যাবে, সেখানে নিজের অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে ‘লগইন’-এ ক্লিক করতে হবে। তাহলে স্ক্রিনে স্কোরকার্ড দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিতে পারবেন।
নিট পরীক্ষায় প্রথম দশের তালিকা
১) প্রথম: মহেশ কুমার, রাজস্থান।
২) দ্বিতীয়: উৎকর্ষ আওধিয়া, মধ্যপ্রদেশ।
৩) তৃতীয়: কৃষাঙ্গ জোশী, মহারাষ্ট্র।
৪) চতুর্থ: মৃণাল কিশোর ঝা, দিল্লি।
৫) পঞ্চম: অভিকা আগরওয়াল, দিল্লি।
৬) ষষ্ঠ: জেনিল বিনোদভাই ভায়ানিস, গুজরাট।
৭) সপ্তম: কেশব মিত্তল, পঞ্জাব।
৮) অষ্টম: চিরাগ ঝা, গুজরাট।
৯) নবম: হর্ষ কেদাওয়াত, দিল্লি।
১০) দশম: আরব আগরওয়াল, মহারাষ্ট্র।





