রাতের অন্ধকারেই অবতরণ! ১৮ দিন পর ঘরে ফিরলেন শুভাংশু

নিরাপদে পৃথিবীতে ফিরে এল শুভাংশু শুক্লার মহাকাশ যান। অবশেষে প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ করল স্পেসএক্স-এর ড্রাগন স্পেসক্রাফট। নাসা সূত্রে খবর, মহাকাশযানটি ১৫ জুলাই, মঙ্গলবার বিকাল ৩:০১ মিনিয়ে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে অবতরণ করেছে। প্রায় ২০ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীর মাটিতে ফিরেছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। অ্যাক্সিওম-৪ মিশনের অংশ হিসেবে তিনি আরও তিন মহাকাশচারীর সঙ্গে মহাকাশে গিয়েছিলেন। এর আগে সোমবার বিকেল ৪:৪০ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ড্রাগন মহাকাশযানটির আনডকিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছিল।
ইতিহাস রচনা করে ঘরের ছেলে ফিরলেন ঘরে। মহাকাশ থেকে পৃথিবীতে অবতরণ করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল। সবমিলিয়ে ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু ও তাঁর সহযাত্রীরা। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩টে বেজে ১ মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে, প্রশান্ত মহাসাগররের বুকে অবতরণ করলেন সকলে। এদিন শিডিউল মেনেই বায়ুমন্ডলে প্রবেশ করে ড্রাগন স্পেসক্রাফট। তার পর সঠিক সময়েই তার প্যারাশুটগুলি খুলে যায়। সেই প্যারাশুটের সাহায্যেই ধীরে ধীরে গতি কমিয়ে স্প্ল্যাশডাউনের প্রস্তুতি নেওয়া হয়।
ছেলের ঘরে ফেরা নিয়ে সংবাদমাধ্যমে শুভাংশুর মা বলেন, “ছেলে বাড়ি ফিরে এসেছে। সকলকে ধন্যবাদ। গোটা পৃথিবী দেখল। আপনাদের সকলকেও ধন্যবাদ। এতদিন পর ছেলে ফিরেছে, আবেগ ধরতে না পারাই স্বাভাবিক।”
সোমবারই মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করেন শুভাংশুরা। দীর্ঘ সাড়ে ২২ ঘণ্টার যাত্রা শেষে পৃথিবীতে নামলেন তাঁরা। তবে পৃথিবীতে ফিরলেও, এখনই নিজ নিজ ঘরে ফেরা হবে না তাঁদের। নিয়ম মেনে কোয়ারান্টিনে থাকতে হবে। স্বাস্থ্যজনিত নিরাপত্তাপর কথা ভেবেই এমন নিয়ম। আগামী কয়েক দিন নিভৃতবাসে রেখে তাঁদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হবে। মাধ্যাকর্ষণ শক্তির বাইরে থাকার ফলে, তাঁদের শরীরে বেশ কিছু পরিবর্তনও ঘটেছে। পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে কিছুটা। সেই মতো প্রশিক্ষণ চলবে। এর পরই পরিবারের কাছে ফিরতে পারবেন শুভাংশু।





