শুভেন্দুর ডাকে ১২ ঘণ্টার খেজুরি বনধ, সকাল থেকে চলছে বিজেপির দাদাগিরি!

খেজুরিতে দুজনের মৃত্যুর ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডাকে আজ খেজুরি বন্ধের ডাক দেওয়া হয়েছে। এদিন সকালে পদযাত্রা করেন শুভেন্দু। এছাড়া সকাল থেকেই বনধ পালন করতে দাদাগিরি চালিয়ে যাচ্ছে বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ গায়ের জোরে গাড়ি আটক করছে তাঁরা। তাতে বাধা দেয় পুলিশ। আর এই নিয়ে শুরু হয় বচসা।
সূত্রের খবর, খেজুরি বিদ্যাপীঠের কাছে ফলের পেটি রেখে হেঁড়িয়া-খেজুরি রাজ্য সড়ক অবরোধ করেন বন্ধ সমর্থনকারীরা। যার জেরে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। অপরদিকে সোমবার সকালেই বাঁশগোড়াতে গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঝামেলা থামাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে। শুরু হয় ধ্বধস্তি। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ ৯ জন বন্ধ সমর্থককে গ্রেপ্তার করেছে বলে খবর।
প্রসঙ্গত, শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অস্বাভাবিক মৃত্যু হয় দুই ব্যক্তির। মৃতদের নাম সুজিত দাস, বয়স ২৩ ও চন্দ্র পাইক, বয়স ৬৫। সুজিত পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা। চন্দ্র ঝাঁটিহারি এলাকার বাসিন্দা।
মৃতদের পরিবারের দাবি, দু’জনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যদিও অনুষ্ঠানের আয়োজকদের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। শনিবার সকালে এলাকায় যান নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। তিনি বলেন, ‘‘খুন যে হয়েছে, এতে কোনও সন্দেহ নেই। এটা পরিষ্কার ‘মার্ডার কেস। আর রাজ্য সরকারের হাসপাতালে ময়নাতদন্ত হলে কোনও আপত্তি নেই। তবে কেন্দ্রীয় হাসপাতালের কোনও চিকিৎসককে থাকতে দিতে হবে। তা ছাড়া ময়নাতদন্তের সময় পরিবারের লোকজনকে থাকতে দিতে হবে”।





