বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত খানাকুল! পুলিশকে লক্ষ্য করে চলল ইটবৃষ্টি

তৃণমূলের মিছিল লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যা নিয়ে একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে খানাকুল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশও।
সূত্রের খবর, খানাকুলের পলাশপাই থেকে নতিবপুর পর্যন্ত বাইক মিছিল ছিল তৃণমূলের। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) প্রতিবাদ ঘিরে এই মিছিলের ডাক দেওয়া হয়। তৃণমূলের সেই বাইক মিছিলে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপরেই পালটা তৃণমূলের তরফেও ইট ছোঁড়া হয়। ভাঙচুর চালানো হয় বিজেপি কার্যালয়ে। যা নিয়ে একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যাপক সংঘাতের বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় পুলিশ। সংঘর্ষের মধ্যে পড়ে ইটে আঘাতে আহত হন এক পুলিশকর্মী। তাঁর মাথা ফেটে গিয়েছে। পুলিশের সামনেই লাঠি, ইটবৃষ্টি চলতে থাকে বলে অভিযোগ।
তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়ের অভিযোগ, “শনিবার তৃণমূলের তরফে একটি পথসভার ডাক দেওয়া হয়েছিল। সেই সভায় কেন মাইক ভাড়া দেওয়া হয়েছিল তা নিয়ে, যিনি সাউণ্ড সিস্টেম ভাড়া দিয়েছিলেন তাঁকে হুমকি দেওয়া হয়। বলা হয় তৃণমূলকে সাউণ্ড সিস্টেম ভাড়া দেওয়া যাবে না।”
অপরদিকে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ জানান, নতিবপুর-২ এলাকায় বিজেপির যে দলীয় কার্যালয়, সেখানে বিজেপির কর্মীরা বসেছিলেন। তৃণমূলের বাইক মিছিল থেকে বিজেপি কার্যালয়ে জোর করে ঢোকার চেষ্টা হয়। বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।





