কবে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরবেন শুভাংশু শুক্লা? জানুন –

খুব তাড়াতাড়ি মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা । এর আগে ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামসও মহাকাশে গিয়ে আটকে পড়েছিলেন। মাসের পর মাস তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনেই ছিলেন। প্রভাব পড়েছিল তাঁর স্বাস্থ্যেও। তবে কি একই অবস্থা হবে শুভাংশুদেরও ? পৃথিবীতে ফেরার সময়সূচি পিছিয়ে যাওয়ায় এই জল্পনা শুরু হয়েছিল। এবার সেই জল্পনায় ইতি টেনে নাসা জানিয়ে দিল যে ১৪ জুলাই পৃথিবীর দিকে রওনা দেবেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ও বাকি তিন মেম্বার।
সোমবার বিকেল ৪টে ৩৫ মিনিটে স্পেস স্টেশন থেকে রওনা দেবেন শুভাংশুরা। পৃথিবীর বুকে মহাকাশযান নামবে মঙ্গলবার। তারপর কিছুদিন রিহ্যাবিলেশনে থাকবেন তাঁরা। মহাকাশে মাধ্যাকর্ষণ শূন্য অবস্থায় এতদিন থাকার পর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্যই এই ব্যবস্থা।
প্রসঙ্গত, ২৬ জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনিই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখলেন। ভারতীয় মহাকাশচারী হিসাবেও তিনি দ্বিতীয় ব্যক্তি। এর আগে ১৯৮৪ সালে উইং কম্যান্ডার রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন।
এদিকে, ছেলের ঘরে ফেরার জন্য অধীর অপেক্ষা করছেন শুভাংশুর মা-বাবা ও স্ত্রী। শুভাংশুর মা আশা শুক্লা বলেন, “আমরা খুবই আনন্দিত। যখন আমাদের সন্তান আবার আমাদের কাছে চলে আসবে, তখন আরও আনন্দিত হব। আমরা ওঁর সঙ্গে দেখা করতে পারব। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ও যেন সুরক্ষিতভাবে ফিরে আসে। ব্যান্ড-বাজনা দিয়ে ওঁকে স্বাগত জানাব।”





