ক্রমেই সরছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির প্রভাব

বর্ষার মরসুমে নাজেহাল জনজীবন। তবে এবার মিলল স্বস্তি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ ছিল, তা শক্তি হারিয়েছে। সে কারণে বুধবার থেকে তার প্রভাব কমবে রাজ্যে। আর তার জেরেই দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টির পরিমাণ। তবে বৃষ্টি একেবারে থামছে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
বুধবারের পর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। যার জেরে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে। যদিও বৃহস্পতি এবং শুক্রবার উত্তরে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।





