মমতার বিরুদ্ধে ‘সুপ্রিম’ মামলা! ভর্ৎসিত মামলাকারী

চাকরি বাতিল মামলার রায় নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সোমবার সেই মামলার সুপ্রিম শুনানি ছিল। সেখানেই মামলাকারীকে তীব্র ভর্ৎসনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ‘আদালত রাজনৈতিক যুদ্ধের জায়গা নয়’, বলে সাফ জানান প্রধান বিচারপতি।
স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের ‘আত্মদীপ’ নামে একটি সংগঠন ওই মামলাটি দায়ের করেছে। তাদের বক্তব্য, গত ৩ এপ্রিল এসএসসি মামলার রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায় নিয়ে ইচ্ছাকৃত ভাবে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সোমবার ওই মামলাটি প্রধান বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বে বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার তিন সদস্যের বেঞ্চে ওঠে।
মামলাকারীর আইনজীবী আয়ুষ আনন্দ সোমবার সওয়াল করে জানান, মামলাটির শুনানি আপাতত মুলতুবি রাখা হোক। অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। ওই সওয়ালের পরেই প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘আপনি নিশ্চিত, যে অনুমতি পাবেন? কোর্টকে রাজনীতির জায়গা করার চেষ্টা করবেন না। আপনাদের রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন।’’
প্রসঙ্গত এই মামলাটি হবার পরেই এবিষয়ে মুখ খোলে তৃণমূল। তাঁদের মতে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই প্রসঙ্গে তৃণমূল আগে জানায়, “যে হেতু মামলাটি দায়ের হয়েছে, তাই বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করব না। তবে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকার পদক্ষেপ করেছে”।





