রাজ্যে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু , ভারীবৃষ্টির সতর্কতা জারি ৫ জেলায়

সপ্তাহের প্রথম দিনেই কালো মেঘে ঢাকা তিলোত্তমার আকাশ। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়ায়। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার এবং বীরভূম, মুর্শিদাবাদে রবিবার ভারী বৃষ্টি হতে পারে।

এ ছাড়া বুধবার থেকে টানা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সোমবার কলকাতা ও তার প্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা ৯০ থেকে ৯৫ শতাংশ।

অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে সপ্তাহ জুড়েই। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টির জেরে ধ্বস নামার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি কুয়াশাজনিত কারণে দৃশ্যমানতা কমতে পারে। তাই সড়কপথে যান চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।





