Breaking Newsরাজ্য

নির্যা*তিত বাঙালি পরিবারের পাশে তৃণমূল!

বাংলা বললেই বাংলাদেশি? দিল্লি পুলিশ বাংলা ভাষার প্রতি ঘৃণা পোষণ করে?” — এমনই প্রশ্ন তুলে বিস্ফোরক অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। মালদহের চাঁচলের পরিযায়ী শ্রমিক সাজনুর পারভিন ও তাঁর শিশুপুত্রের উপর দিল্লিতে নির্যাতনের অভিযোগ ঘিরে আজ সাংবাদিক বৈঠকে একরাশ ক্ষোভ উগরে দিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ।

তাঁদের অভিযোগ, দিল্লি পুলিশের একাংশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রত্যক্ষ মদতে বাঙালি পরিযায়ীদের টার্গেট করছে। সাজনুর পারভিনের পরিবারকে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি অপবাদ দিয়ে চরম হেনস্থা করা হয়, শিশুপুত্র পর্যন্ত বাদ যায়নি। পুলিশ পরিচয় দিয়ে চারজন ব্যক্তি আধার কার্ড দেখতে চান, অথচ পরিচয়পত্র দেখানো সত্ত্বেও তাঁদের বাংলাদেশি বলা হয়, এমনকী এলাকা না ছাড়ার হুমকিও দেওয়া হয়।

এই ঘটনা সামনে আসতেই দিল্লির পক্ষ থেকে উলটে সাজনুরদের বিরুদ্ধেই মামলা রুজু করা হয় বলে দাবি তৃণমূল নেতৃত্বের। পালটা দিল্লিতে বাঙালিদের উপর হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। কলকাতা পুলিশের কাছেও অভিযোগ জানানো হবে বলে জানানো হয়েছে।

ঘটনার জেরে ফের পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর কথা বলেন তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর জব কার্ড প্রকল্প, খাদ্য ও বাসস্থানের নিশ্চয়তা তুলে ধরা হয় সাংবাদিক বৈঠকে।

“বাংলা ভাষার অপমান হলে তৃণমূল চুপ করে থাকবে না”— দিল্লিতে পরিযায়ী বাঙালির উপর নির্যাতনের ঘটনায় বিজেপিকে সোজাসুজি আক্রমণ তৃণমূলের। দিল্লি পুলিশকে কাঠগড়ায় তুলে দিলেন ফিরহাদ-কুনাল। এবার কি আইনি লড়াইয়ে নামবে বাংলা?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button