Breaking News

হরিদ্বারের পর এবার উত্তরপ্রদেশ! বারাবাঁকিতে পদপি*ষ্ট হয়ে মৃ*ত ২

হরিদ্বারের পর এবার উত্তরপ্রদেশ। বারাবাঁকির হায়দারগঞ্জের আওসনেশ্বর মহাদেব মন্দিরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় পদপিষ্টের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৯ জন পুণ্যার্থী।

সুত্রের খবর, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষ্যে রবিবার রাত থেকেই আওসনেশ্বর মহাদেব মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় করেছিলেন ভক্তরা। এদিন রাত প্রায় ২ টো নাগাদ মন্দির চত্বরে বাঁদরের লাফালাফিতে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। তার ফলেই আতঙ্কে অনেকে ছোটাছুটি করতে থাকেন। তার জেরেই এই পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এর জেরে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক জন ২২ বছরের প্রশান্ত। লোনিকাত্রা থানা এলাকার মুবারকপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। মৃত আর এক জনের পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনা প্রকাশ্যে আসার পর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্থানীয় পুলিশ ও প্রশাসনকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আহতরা যাতে উপযুক্ত চিকিৎসা পান তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, রবিবার সকালে হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পুজো দিতে ভিড় করেছিলেন অনেকে। সিঁড়িতে অসংখ্য পুণ্যার্থী একসঙ্গে ওপরে ওঠার চেষ্টা করছিলেন। সেসময় সিঁড়িতে ইলেকট্রিক শকের আতঙ্ক ছড়িয়ে পড়ে। যার জেরে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। শুরু হয় ধাক্কাধাক্কি। একে অপরের উপর পড়ে যান। তাঁদের টপকে মন্দিরে পৌঁছোতে চেষ্টা করেন অন্যেরা। তখনই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহত কমপক্ষে আরও ৩০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button