নিম্নচাপের জেরে ঝড়-বৃষ্টির আশঙ্কা একাধিক জেলায়

ভরা বর্ষায় পরপর নিম্নচাপের জেরে বৃষ্টি শহর থেকে জেলা সর্বত্র। বিভিন্ন এলাকায় জল জমে প্রতি বারের চেনা দুর্ভোগের সেই ছবি ফিরেছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গে জেলায় জেলায় নিচু এলাকাগুলিতেও জল জমেছে। আজ উইকেন্ডেও বৃষ্টি চলবে শহর থেকে জেলা সর্বত্র। তবে বৃষ্টির সেই দাপট অবশ্য কিছুটা কমবে।
উত্তাল সমুদ্র, নিষেধাজ্ঞা বহাল মৎস্যজীবীদের জন্য। দুর্যোগের গ্রাসে দক্ষিণবঙ্গ। ঘূর্ণিঝড় উইফার রামিনেন্ট ও নতুন ঘূর্ণাবর্তের মিলিত প্রভাবে তৈরি গভীর নিম্নচাপ শনিবার আরও জোরালো আকারে প্রবেশ করল রাজ্যে। হাওয়া অফিসের পূর্বাভাস – শনিবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সবচেয়ে বেশি সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এই জেলাগুলিতে সারাদিন ধরেই চলতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি। সঙ্গে থাকবে দমকা হাওয়াও।
কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দিনের তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে, রাতের দিকে কমে যেতে পারে ২৫ ডিগ্রির নিচে। উপকূলবর্তী জেলাগুলিতে সমুদ্র থাকবে উত্তাল। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় চলছে হাই অ্যালার্ট। মৎস্যজীবীদের শনিবারও সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা বহাল রেখেছে প্রশাসন।
উত্তরবঙ্গেও সক্রিয় নিম্নচাপের প্রভাব। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার — এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবারও থাকবে।





