থামবে বৃষ্টি? বঙ্গে কেমন থাকবে আবহাওয়া, কী জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস? জানুন

আপাতত আর নয় বৃষ্টি ৷ মেঘের ঘনঘটা থাকলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদরা জানাচ্ছেন, বর্তমানে নিম্নচাপের অবস্থান বিকানের, দাতিয়া থেকে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের ওপরে ৷ তার ওপর দিয়ে মৌসুমি অক্ষরেখা পূর্বে পুরুলিয়া, দিঘার ওপর রয়েছে ৷ এর প্রভাবেই রাজ্যের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাড়বে তাপমাত্রা।
এই সপ্তাহান্তে আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে ৷
দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী একসপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস । আজ, শুক্রবার দুই 24 পরগনা, দুই মেদিনীপুরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ৷ দক্ষিণবঙ্গের বাকি জেলায় কোনও সতর্কতা নেই ৷ আগামিকাল অর্থাৎ শনিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে ৷ রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা ৷
হাওয়া অফিস সূত্রের খবর, উত্তরবঙ্গের আট জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে ৷ রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ৷ আগামী সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী বুধবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পঙে।
এর আগে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৫ শতাংশ সর্বনিম্ন ৮৫ শতাংশ ৷





