ভুয়ো জব কার্ড বাতিলে শীর্ষে যোগী-রাজ্য! তবু কেন বঞ্চিত বাংলা? প্রশ্ন তৃণমূলের

অভিযোগ দুর্নীতির। তাই বঙ্গে বন্ধ ১০০ দিনের কাজ। অথচ, কেন্দ্র সরকারি পরিসংখ্যানই বলছে দুর্নীতির নিরিখে বাংলার থেকে অনেক এগিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলি। ভুয়ো জব কার্ডের ক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যগুলি বাংলার চেয়ে অনেক এগিয়ে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ভুয়ো জবকার্ড বাতিলে সবচেয়ে প্রথমে নাম রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের!
ভুয়ো জবকার্ড বাতিলের তালিকায় প্রথমসারিতেই রয়েছে বিজেপি শাসিত রাজ্য়ের নাম। বাংলা সেখানে অনেক নীচে। তাও কেন ১০০ দিনের কাজের কেন্দ্রীয় অনুদান নিয়ে বঞ্চনা? প্রশ্ন তুলল তৃণমূল।
দেশের কোন রাজ্যে ১০০ দিনের কাজ প্রকল্পে, কত ভুয়ো জবকার্ড বাতিল হয়েছে, তার পরিসংখ্যান দিল এবার কেন্দ্রীয় সরকার। গত তিন বছরের সেই পরিসংখ্যানের হিসেবে, ভুয়ো জবকার্ড বাতিলের তালিকায় সবার উপরে নাম রয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের ! বাংলাকে পিছনে ফেলে তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে ওড়িশাও। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সেই তুলনায় ভুয়ো জবকার্ড বাতিলের তালিকায় পিছনের দিকেই রয়েছে পশ্চিমবঙ্গ।
কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান যে পরিসংখ্যান দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, ২০২২-’২৩ অর্থবর্ষে উত্তরপ্রদেশে যেখানে বাতিল হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ৩৫৪টি জবকার্ড সেখানে বাংলায় বাতিল হয়েছে মাত্র ৫ হাজার ২৬৩টি জব কার্ড। ২০২৩-’২৪ অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয়েছিল ১ লক্ষ ৪৭ হাজার ৩৯৭টি জবকার্ড। বাংলায় সেখানে বাতিল হয়েছে ৭১৯টি জব কার্ড। ২০২৫-’২৫ অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয় ৩ হাজার ৪২১টি জবকার্ড। বাংলায় বাতিলের সংখ্যা ছিল মাত্র দু’টি।





