উত্তর ভিজলেও, দক্ষিণে ভ্যাপসা গরম অব্যাহত। নতুন সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

উত্তর আর দক্ষিণ – বঙ্গের দুই প্রান্তের আবহাওয়ায় দু’রকমের । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব কমে যাওয়ায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘাম এবং অস্বস্তি বাড়বে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা।

অন্যদিকে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। যা নির্ধারিত সময়ের ১০ দিন আগে। অনুকূল পরিস্থিতির কারণে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দ্রুত অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামার এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।





