নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা আসছে?

তীব্র গরমের হাত থেকে আপাতত নিস্তার নেই শহর কলকাতার। শুক্রবার রাতের বৃষ্টির পর শনি থেকেই ফের বাড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রার পারদ। হাওয়া অফিস বলছে আপতত ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রার পারদ। আগামী কয়েক দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা আরও ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে খবর। তবে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। তবে বৃষ্টি হলেও আপাতত ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বর্ষা এসে গেলেও দক্ষিণবঙ্গ থেকে তা এখনও দূরেই। হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে মৌসুমী বায়ু, বঙ্গোপসাগরের জলীয় বাষ্প এবং পশ্চিম ভারতের উষ্ণ লু-এর মতো শুষ্ক বাতাসের সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে আগামী ৩ থেকে ৪ দিনে পশ্চিমের হাওয়ার দাপট থাকবে অপেক্ষাকৃত বেশি। তবে আগামী সপ্তাহের বুধ-বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর ।

পাশাপাশি হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের আজ থেকে কমবে বৃষ্টি । দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিনের উত্তরবঙ্গের জেলাগুলিতেও নেই। সারা সপ্তাহ ধরেই উত্তরবঙ্গে কমবেশি বৃষ্টি চলবে। ইতিমধ্যে উত্তরবঙ্গে আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করেছে।





