কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হস্টেলে গভীর রাতে রহস্যজনক ছায়া! আতঙ্কিত আবাসিকারা

কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে ঢুকে চুরি! আবাসিক এক ছাত্রীর ঘরে ঢুকে মোবাইল-ব্যাগ ছিনতাই অজ্ঞাতপরিচয় যুবকের। ঘটনায় আতঙ্কিত ছাত্রী সায়ন্তনী চক্রবর্তী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মহাত্মা গান্ধী রোডের কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে। যা নিয়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।
সূত্রের খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রী সায়ন্তনী। এদিন হস্টেলের তৃতীয় তলায় নিজের ঘরেই শুয়ে ছিলেন তিনি। হঠাৎ করে কিছু পড়ার শব্দ হওয়াতে জেগে যান। তাঁর দাবি, যুবক তাঁর জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করেন। তাঁর মোবাইলও চুরি গিয়েছে। তিনি অভিযুক্তকে ধরতে গেলে তাঁকে ধাক্কা দেন বলেও অভিযোগ।
রাজাবাজার সায়েন্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সায়ন্তনী চক্রবর্তীর অভিযোগ, এই বিষয়ে হস্টেল সুপারকে জানানো হলেও তাঁরা পদক্ষেপ করেননি। কেন তিনি জানলা খুলে রেখেছিলেন, সেই নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন রক্ষী। এই নিয়ে হস্টেলের বাইরে রবিবার বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যেরা। হস্টেলে নিরাপত্তার অভাব রয়েছে বলে অভিযোগ তাঁদের।
সায়ন্তনী বলেন, ”আমি ধরতে গেছিলাম। মারপিঠ পর্যন্ত হয়। কিন্তু হোস্টেলের ছাদ থেকে পাইপ বেয়ে সে নেমে যায়। ঘটনার পরেই সুপার এবং সেক্রেটারিকে পুরো বিষয়টি জানাই। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”





