Breaking Newsক্রিকেটখেলা

ইংল্যান্ডের মাটিতে শুভমানের হাফডজন রেকর্ড!

ইংল্যান্ডের মাটিতে টেস্টের প্রথম দিনটা ভারতের জন্য খুব একটা আহামরি না হলেও, দ্বিতীয় দিনটা রেকর্ডের পর রেকর্ড ভেঙে বিশ্ব ক্রিকেটে নয়া মাইলস্টোন তৈরি করলেন ভারত অধিনায়ক শুভমান গিল। প্রায় হাফডজন রেকর্ড ভাঙলেন গিল। বিদেশের মাটিতে তিনি যেন রান মেশিন, আবার বলা যেতে পারে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল রূপকথার নায়ক।

শুভমান ছাপিয়ে গেলেন সুনীল গাওস্কর, শচীন তেন্ডুলকর, বিরাট কোহলিদের। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ড ভেঙে, ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন শুভমান গিল। করলেন ২৬৯ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি ২০১৯ সালে অধিনায়ক হিসেবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এক ইনিংসে করেছিলেন ২৫৪ অপরাজিত। এদিন শুভমান গিলের ২৬৯ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৮৭ রান করল ভারত। ১৮ বছর পর আবার ইংল্যান্ডের মাটিতে টেস্টে এক ইনিংসে ৫০০ রানের বেশি করল টিম ইন্ডিয়া।

পাশাপাশি শুভমানই এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম অধিনায়ক যিনি ইংল্যান্ডের মাটিতে দ্বিশতরান করেছেন। এর আগে শ্রীলঙ্কার অধিনায়ক তিলকরত্নে দিলশান ইংল্যান্ডের মাটিতে ১৯৩ রান করেছিলেন। এশীয় অধিনায়কদের মধ্যে সেটাই ছিল সর্বাধিক। তা ভাঙলেন ভারত অধিনায়ক। একইসঙ্গে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করলেন শুভমান। এতদিন সেই রেকর্ড ছিল সুনীল গাওস্করের দখলে। ১৯৭৯ সালে ওভালে ২২১ রান করেছিলেন তিনি। ৪৬ বছর পুরনো রেকর্ড ভেঙেছেন শুভমান।

আর টেস্টের দ্বিতীয় দিনে শুভমানের ২৬৯ রানের পাশাপাশি রবীন্দ্র জাদেজা করেন ৮৯ রান। ৪২ রান করেন ওয়াশিংটন সুন্দর। ভারত প্রথম ইনিংসে তুলল ৫৮৭ রান। আর জবাবে ব্যাট করতে নেমে আকাশদীপের বোলিংয়ের সামনে ধরাশায়ী ইংল্যান্ড। ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপাকে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। বেন ডাকেট ও ওলি পপকে ০ রানে ফিরিয়ে দেন আকাশদীপ। জ্যাক ক্রলিকে ১৯ রানে ফেরান সিরাজ। দ্বিতীয় দিনের শেষে ভারতের থেকে 510 রানে পিছিয়ে ইংল্যান্ড। ফলে ইংল্যান্ডকে ফলোআন খাটানোর টার্গেট এখন টিম ইন্ডিয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button