
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফের জানিয়ে দিলেন, সংঘর্ষবিরতি বা পণবন্দিদের মুক্তি— কোনও কিছুর বিনিময়েই থামবে না গাজা দখলের অভিযান। হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত ইজরায়েল যুদ্ধ চালিয়ে যাবে বলেই স্পষ্ট করে দিয়েছেন তিনি। এই ঘোষণার জেরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম স্কাই নিউজ–কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “গাজা থেকে হামাসকে উপড়ে ফেলা আমাদের সংকল্প। হামাস ধ্বংস হবেই। যে কোনও মূল্যে গাজা আমরা দখল করব।” তিনি আরও জানান, হামাস পণবন্দিদের মুক্তি দিলেও বা সংঘর্ষবিরতিতে রাজি হলেও ইজরায়েল তার পরিকল্পনা থেকে পিছিয়ে আসবে না।

নিজের বক্তব্যে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প সঠিকই বলেছেন। হামাসকে গাজা ছেড়ে যেতে হবে। এটা অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি এসএস বাহিনী বার্লিন দখল করে রাখার মতো।” উল্লেখ্য, ১৯২৫ সালে হিটলারের শাসনকালে গঠিত এসএস প্রথমে দেহরক্ষীর বাহিনী হলেও পরে তা ভয়াবহ রূপ নেয়।
প্রসঙ্গত, ইজরায়েল সেনা গত বুধবার থেকে নতুন করে অভিযান শুরু করেছে। গাজা শহরকে হামাসের শক্তঘাঁটি বলে দাবি করে সেখানেই প্রধান আঘাত হানছে সেনারা। তবে রাষ্ট্রসংঘের মহাসচিব এর তীব্র বিরোধিতা করেছেন। তাঁর আশঙ্কা, এই অভিযানের ফলে আরও অগণিত ক্ষুধার্ত মানুষের মৃত্যু হবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সাল থেকে এ পর্যন্ত ইজরায়েলের অভিযানে গাজায় মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই ৬২ হাজার ছাড়িয়েছে।





