Breaking NewsWorldঅন্যান্যআবহাওয়াবিদেশ

ড্রেক প্যাসেজে ৭.৫ মাত্রার ভূমিকম্প, অ্যান্টার্কটিকা উপকূলে জারি সুনামি সতর্কতা

দক্ষিণ আমেরিকার উপকূল সংলগ্ন সমুদ্র অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প। মার্কিন সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শুক্রবার ভোরে ড্রেক প্যাসেজে আঘাত হানে রিখটার স্কেলে ৭.৫ মাত্রার শক্তিশালী কম্পন। প্রথমে সুনামির সতর্কতা জারি হলেও পরে তা প্রত্যাহার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ আমেরিকা-অ্যান্টার্কটিকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

দক্ষিণ আমেরিকা এবং আন্টার্কটিকার মাঝের ড্রেক প্যাসেজে উৎপত্তি হয় এই ভয়াবহ ভূমিকম্পের। ইউএসজিএস-এর রিপোর্ট অনুযায়ী, আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। সমুদ্রতল থেকে প্রায় ১০.৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।

কম্পনের পরই মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র পুয়োর্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জে সুনামির সতর্কতা জারি করে। চিলির নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক এবং ওশানোগ্রাফিক সার্ভিসও অ্যান্টার্কটিক অঞ্চলে সতর্কতা জারি করেছিল। যদিও পরে মার্কিন সংস্থা জানায়, সুনামির আশঙ্কা নেই।প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাশিয়ায় দেখা গিয়েছিল বড়সড় ভূমিকম্প। গত ৩০ জুলাই কামচাটকা পেনিনসুলায় ৮.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার পূর্বাঞ্চল। আমেরিকা, জাপান-সহ একাধিক দেশেও অনুভূত হয়েছিল কম্পন। রাশিয়ার উপকূলে তখন প্রায় ১৩ ফুট উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়ে। সেসময় উপকূলবর্তী মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন।

দক্ষিণ আমেরিকায় নতুন এই ভূমিকম্পের পর স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এমন সমুদ্রকেন্দ্রিক ভূমিকম্পে সুনামির ঝুঁকি থেকেই যায়, যদিও আপাতত বিপদের আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন সংস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button