আরজিকর কাণ্ডে নয়া মোড়!এবার অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা কুণালের!

লাগাতার অপপ্রচার! উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কুৎসা! এবার আর জি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করলেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদকের কথায়, “নির্যাতিতার পরিবারের সঙ্গে সহানুভূতি রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে, কারও নামে যা নয় তাই বলা যাবে।”
‘সন্তানহারা বাবার এ লড়াই থামার নয়’, তৃণমূল নেতা মামলা দায়ের করতেই পালটা হুঁশিয়ারি অভয়ার বাবার !আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নিহত তরুণী চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হল। বুধবার ব্যাঙ্কশাল আদালতে নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। উল্লেখ্য, কিছুদিন আগেই সংবাদমাধ্যমের সামনে আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগ ছিল, “CBI টাকা নিয়ে তদন্ত চেপে দিয়েছে। সিবিআইকে টাকা দিয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে বিষয়টা দেখাশোনা করেছেন।” আরজি করের নির্যাতিতার বাবার এই মারাত্মক অভিযোগের ব্যাপারে আগেই কুণাল ঘোষ তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। এবার তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করলেন তিনি।
বলে রাখা প্রয়োজন, গত মঙ্গলবার অভয়ার বাবাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। চারদিনের মধ্যে সাংবাদিক বৈঠক করে এহেন বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলেও জানানো হয়েছিল। অন্যথায়, আইনি পদক্ষেপ করা হবে। সেই সময়সীমা শেষ হয়েছে। এরপরেই আজ বুধবার মামলা দায়ের।যদিও আগেই অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়ে কুণাল জানান, “আমার পূর্ণ সহানুভূতি রয়েছে। একটা জঘন্য ঘটনা ঘটেছে। অপরাধী শাস্তি পেয়েছে। আমরা সবাই ন্যায় চেয়েছি এবং পেয়েছি। কিন্তু উনি যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন, তার প্রমাণ দিতে হবে।”
নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা অবশ্য বলেছেন, “কোনও ভাবেই মেয়ের ন্যায় বিচার ছিনিয়ে আনার যে অঙ্গীকার তা থেকে আমাদের পিছু হটানো যাবে না। তৃণমূল সরকার বারে বারে যাতে ন্যায় বিচার না পাই তার চেষ্টা করেছে। এবার এক সন্তানহারা বাবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তৃণমূলেরই মুখপাত্র। তবে মেয়ের ন্যায় বিচার ছিনিয়ে আনবই। কোনও শক্তি সেই ন্যায় বিচার ছিনিয়ে আনার লড়াই থেকে আমাদের বিরত করতে পারবে না। কুণাল ঘোষের বিরুদ্ধে লড়াই হবে আইনি পথেই”। এভাবেই বছর পেরোলেও মনোবল অটূট রেখে লড়াই জারির বার্তা দিলেন আরজি কর কাণ্ডে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা।





