প্রিমিয়ারে প্রথমবার অংশ নিয়ে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব

প্রথমবার কলকাতা ফুটবল লিগে ফার্স্ট ডিভিশনে অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়ে, সরাসরি ফাস্ট ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনের জায়গা করে নিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপের দল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। এবার তাদের লক্ষ্য কলকাতা ফুটবল লিগে প্রিমিয়ার ডিভিশনে সাফল্য ছিনিয়ে নেওয়া। সুপার সিক্সে ভালো ফল করা এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রতিপক্ষ দলদের লড়াই দেওয়া। আর সেই লক্ষ্য নিয়েই এই বছর তাদের দলে হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় ফুটবলের জনপ্রিয় মুখ প্রাক্তন ফুটবলার ইয়ান ল কে। পাশাপাশি ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের প্রধান দায়িত্বে রয়েছেন ভারতীয় ফুটবলের জনপ্রিয় রেফারি প্রাঞ্জল ব্যানার্জী। মূলত বাঙালি ফুটবলারদের নিয়েই দল গঠন করা হয়েছে। তবে কিছু আইএসএল আইলিগে খেলা উচ্চমানের ফুটবলারদের দলে নেওয়া হয়েছে। এই বছর গ্রুপ দিতে রয়েছে এই দল। তাদের গ্রুপে রয়েছে চার কঠিন প্রতিপক্ষ। মহামেডান স্পোর্টিং, ইউনাইটেড স্পোর্টস, ডায়মন্ড হারবার এফসি ও ভবানীপুর। তবে প্রতিপক্ষদের শক্তি বিচার না করে, নিজেদের সেরাটা দিতে প্রস্তুত ইউনাইটেড কলকাতা। সেইমতো প্রতিদিন সকালে সল্টলেকের জিডি ব্লকের মাঠে চলছে কলকাতা লিগের চূড়ান্ত প্রস্তুতি। প্রথম বছর প্রিমিয়ার খেললেও ভালো ফলাফল করার ব্যাপারে আশাবাদী দলের কোচ থেকে ফুটবলাররা।

দলের ফুটবলারদের ফিটনেস এর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি অত্যাধুনিক পদ্ধতিতে অনুশীলন থেকে শুরু করে, নিজেদের মধ্যে ম্যাচ খেলিয়ে প্রস্তুত করা হচ্ছে। দলের গোলকিপার লাইনও রয়েছে এই বছর যথেষ্ট শক্তিশালী। সব মিলে প্রথমবার প্রিমিয়ারে অংশ নিলেও, কলকাতা লিগে বড় টিমদের চাপে রাখতে প্রস্তুত ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব।





