বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপিতে শুরু শমীক যুগ!
বিয়ে করা নাকি মুখ্যমন্ত্রীর পাশে বসে দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শন, দলে সাংগঠনিক পর্যায়ের অন্যতম প্রধান নেতার হটাৎ করেই কার্যত দলের কাছে ব্রাত্য হয়ে থাকা একাধিক প্রশ্ন উঠছিল রাজনৈতিক মহলে। যদিও, দলের একাংশের বিশ্বাস, বাংলায় বিজেপির সংগঠনের হাল ফেরাতে পারেন একজনই। তিনি দিলীপ ঘোষ। তবে, সেগুড়ে বালি। দিলীপ ঘোষ, এখনও থেকে গেলেন ব্রাত্যই! বিনা লড়াইয়ে সুকান্ত মজুমদারের জুতোয় পা গলালেন বিজেপির আদিকর্মী শমীক।

আভাস ছিল আগে থেকেই। আর সেই আভাসেই পড়ল সিলমোহর। প্রশ্ন উঠছিল, রাজ্য বিজেপির ব্যাটন কার হাতে থাকবে? রাজ্য সভাপতি পদের দায়িত্ব আরও একবার পাবেন সুকান্ত মজুমদারই? নাকি এবার দায়িত্বে অন্য কেউ? এহেন বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে।আর এবার সভাপতির আসনে শুভেন্দু-সুকান্ত-দিলীপের মত হেভিওয়েট নেতাকে পিছনে ফেলে সভাপতির দৌড় জয় রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যের। কেউ মনোনয়ন জমা না দেওয়ার কারণে শমীকই হতে চলেছেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।
বুধবার দুপুরে বিজেপির সল্টলেক দফতরে গিয়ে রাজ্য সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন শমীক। তাঁর সঙ্গে ছিলেন দলের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তবে তাঁদের সঙ্গে ছিলেন না প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যদিও দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেন, ‘অনেক শুভেচ্ছা। শমীকদা পুরোনো লোক, ভালোই হবে। দল যখন কাউকে দায়িত্ব দেয়, যোগ্য লোককেই দেয়। দেখা হলে কোনও পরামর্শ চাইলে দেব।’





