শমীকের বরণ অনুষ্ঠানে ডাকই পেলেন না দিলীপ ঘোষ! কেন জানেন?

সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ অনুষ্ঠান। দলের বড়, মাঝারি সব নেতা উপস্থিত থাকলেও নেই দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রে খবর, আমন্ত্রণই জানানো হয়নি তাঁকে। কিন্তু কেন আমন্ত্রণ জানানো হল না দিলীপকে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। শুধু তিনিই নন, বাদ পড়েছেন আরও এক প্রাক্তন সভাপতি তথাগত রায়ও।
সংবাদ মাধ্যমকে দিলীপ জানান, ‘‘এই অনুষ্ঠানে আমি যাচ্ছি না, কারণ, আমাকে আলাদা করে কোনও খবর দেওয়া হয়নি। আমি সভাপতি নির্বাচনের ভোটার নই। যাঁরা প্রদেশ পরিষদ সদস্য, তাঁরাই ভোটার। আজকের অনুষ্ঠানেও তাঁদের ডাকা হয়েছে। তার সঙ্গে আরও কয়েক জন ডাক পেয়েছেন। আমার ওখানে যাওয়ার কথা নয়।’’
সামনেই বিধানসভা ভোট এবং সেই ভোটের আগে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির বরণে এত বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল, সেই অনুষ্ঠানে দুই প্রাক্তনের অনুপস্থিতি নিছক কাকতালীয় নয় বলেই মনে করছেন রাজনৈতিক মহল। দলের অন্দরমহলেও শুরু হয়েছে চাপা গুঞ্জন।
কেন্দ্রীয় নেতৃত্বের ‘অনিচ্ছা’র ফলেই কি এমন সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন। যদিও এই প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।





