গোবিন্দার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ডিভোর্সের মামলা সুনীতার

৩৭ বছরের দাম্পত্যজীবন কাটিয়ে এসেছেন গোবিন্দা ও সুনীতা আহুজা। রুপালি পর্দায় পা রাখার আগেই সুনীতার সঙ্গে বিয়ে করেছিলেন অভিনেতা, যদিও বিয়ের খবর প্রকাশ্যে আসে অনেক বছর পর। কিন্তু কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল, তাঁদের সম্পর্ক নাকি আর আগের মতো নেই। এবার যা জানা গেল, তা সত্যিই চমকে দেওয়ার মতো।
গত বছরের ৫ ডিসেম্বর সুনীতা বান্দ্রার পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জমা দিয়েছিলেন। সেই সময় আদালত গোবিন্দাকে তলব করলেও তিনি হাজির হননি। শুধু তাই নয়, আদালতের কাউন্সেলিং অধিবেশনেও কখনও উপস্থিত হননি অভিনেতা। বোঝাই যাচ্ছে, গত বছর থেকেই তাঁদের সম্পর্কে ভাঙনের সুর বাজতে শুরু করেছিল।
সুনীতার ইউটিউব চ্যানেলেও প্রকাশ পেয়েছে তাঁর মনের অস্থিরতা। এক ভিডিয়োয় কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন, “আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমার সংসার বাঁচিয়ে দিন। মা কালী নিজেই বিচার করবেন যে আমার ঘর ভাঙার চেষ্টা করছে।”‘হাউটার ফ্লাই’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুনীতা গোবিন্দার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, গোবিন্দা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন, যার জন্য আর একসঙ্গে থাকতে চান না তিনি।
প্রকাশ্যে বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ তোলেননি সুনীতা, তবে একাধিকবার জানিয়েছেন, ছেলেমেয়েকে নিয়ে তিনি আলাদা থাকেন বহু মাস ধরে। চলতি বছর জন্মদিনও একা কাটিয়েছেন তিনি। প্রতিবছর একাই জন্মদিন পালন করলেও এই বছর তাঁর আচরণে স্পষ্ট হয়েছিল, সম্পর্কের সমীকরণ বদলেছে অনেকটাই।





