মিলল না সমাধান! ‘রাস্তাতেই থাকব’, বৈঠক শেষে জানালেন চাকরিহারারা

ঘন্টার পর ঘন্টা বৈঠকের পরও মিলল না সমাধান। একটাই দাবি, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে আজই (সোমবার), নবান্ন থেকে বেরিয়ে জানালেন চাকরিহারারা। এমনকি রাত ১২টা অবধি সময় বেঁধে দিলেন আন্দোলনরত চাকরিহারারা। ততক্ষণ পর্যন্ত রাস্তাতেই থাকবেন তাঁরা।
এদিন আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল, যোগ্য ও অযোগ্যদের সার্টিফায়েড তালিকা প্রকাশ করতে হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওএমআর শিট প্রকাশ করতে হবে ও রিভিউয়ের মাধ্য়মে যোগ্য প্রার্থীদের পুনর্বহাল করতে হবে, এটা ছিল দ্বিতীয় দাবি।
অন্যদিকে হাওড়া পুলিশের তরফ থেকে চাকরিহারাদের সঙ্গে কথা বলা হচ্ছে। রাতভর আন্দোলনের অনুমতি দেওয়া কি নয়, তা নিয়ে ভাবনা-চিন্তা করছে পুলিশ। আন্দোলনকারীদের দাবি, “রাস্তাতেই তো আছি। রাস্তাতেই থাকব। তবে আজকের পর থেকে আমরা আর কোনও ইনডোর মিটিং-এ যাব না। বয়কট করলাম। যা হওয়ার এবার রাস্তাতেই হবে।”
‘যোগ্য’ চাকরিহারাদের নবান্ন অভিযান ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। অভিযানের শুরু থেকেই তৎপর পুলিশ। বারবার মাইকে নিয়ম না ভাঙার ঘোষণা করছেন তাঁরা। তা সত্ত্বেও ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করছেন মিছিলকারীরা। সেই কারণেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান চাকরিহারারা। হয় ধস্তাধস্তিও। তবে, সব বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে কাটল জট। মিলল ছাড়পত্র। মুখ্যসচিবের সঙ্গে কথা বলবেন ১৮ জন ‘যোগ্য’ শিক্ষক এবং ২ জন ‘যোগ্য’ অশিক্ষক কর্মী-সহ ২০ জন। সূত্রের খবর অনুযায়ী, শিবপুরে হাওড়া পুলিশ লাইনে হতে পারে বৈঠক।





