Breaking Newsরাজ্য

যানজট কমাতে বিকল্প সেতু!কোনা এক্সপ্রেসওয়েতে তৈরি হচ্ছে ৬ লেনের এলিভেটেড করিডর

ব্রিজের যানজট কমাতে বিকল্প সেতু। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের মাধ্যমে কলকাতা ও ১৬ নম্বর জাতীয় সড়কের মধ্যে যাঁরা চলাচল করেন, তাঁদের প্রায়ই সাঁতরাগাছি ব্রিজের যানজটের কবলে পড়তে হয়। কোনা এক্সপ্রেসওয়ে যতটা চওড়া, তার থেকেও অনেক ছোট দক্ষিণ-পূর্ব রেল লাইনের উপর দিয়ে যাওয়া এই সড়কসেতু । স্বাভাবিক ভাবেই এই সেতুর উপরে দ্বিমুখী যান চলাচলের ফলে, মাঝেমধ্যেই দীর্ঘ যানজট লেগে যায়। কলকাতা বন্দর থেকে যে কোনও জিনিস বিদ্যাসাগর সেতু হয়ে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের মাধ্যমে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে।

ইতিমধ্যেই সাঁতরাগাছি স্টেশন থেকে বহু দূরপাল্লার ট্রেন ছাড়তে শুরু করেছে। তাই স্বাভাবিক ভাবেই, সাঁতরাগাছি ব্রিজের গুরুত্ব সব থেকে বেশি। কারণ, এই ব্রিজটি কোনও ভাবে ভেঙে গেলে, কলকাতা শহরের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। বিকল্প হিসেবে বালির ব্রিজ বা আন্দুল রোড হয়ে জাতীয় সড়কে হয়তো যাওয়া যায়, কিন্তু তা অনেকটাই ঘুরপথ। তাই অন্যান্য রাস্তার তুলনায় কোনা এক্সপ্রেসওয়ের উপরে সাঁতরাগাছি ব্রিজকে কেন্দ্র করেই মূলত সব থেকে বেশি যান চলাচল করে।

সাঁতরাগাছি ব্রিজের পাশে এই বিকল্প এলিভেটেড করিডরের মধ্যে ব্রিজ তৈরি হলে, কোনা এক্সপ্রেসওয়ের উপরে চাপ যেমন কমবে, সাঁতরাগাছির পুরোনো ব্রিজের জায়গা সংকুলানের সমস্যাও মিটবে৷ ফলে যান চলাচল স্বাভাবিক হবে। এই ব্রিজ ও এলিভেটেড করিডর তৈরির কাজ শেষ হলে যানযন্ত্রণা থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ। যানজট কমাতে এখন কোনা এক্সপ্রেসওয়ের উপরে ছ’লেনের এলিভেটেড করিডর তৈরির কাজ চলছে জোর কদমে। কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতুর ট্রোল প্লাজ়া হয়ে, ফুটবল গেট থেকে গরফা খেজুরতলা পর্যন্ত সাত কিলোমিটার লম্বা ছয় লেনের এলিভেটেড করিডর তৈরি হচ্ছে।

পুরোনো সাঁতরাগাছি ব্রিজের উপর দিয়ে এই করিডর ধরে পৌঁছে যাওয়া যাবে ১৬ নম্বর জাতীয় সড়কে। এলিভেটেড করিডরের একটি লিঙ্ক নামবে সাঁতরাগাছি স্টেশনে ও সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে। এখান থেকেই আন্ডারপাস ধরে কলকাতা কিংবা জাতীয় সড়কের দিকে যাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button