সোমবার ফের উ.ত্তাল বিধানসভা!

সপ্তাহের প্রথম দিনেই ফের উত্তাল বিধানসভা। এদিন শাসক শিবিরের বিরুদ্ধে সুর চড়ান বিজেপি বিধায়করা। চলে স্লোগান। কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানায় তারা। পাল্টা চিৎকার শুরু করে তৃণমূল বিধায়করাও। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য উঠে দাঁড়ান অধ্যক্ষ। প্রত্যেককে সংযত হওয়ার কথা বলেন। এমনকি, বিজেপি বিধায়কদের সাসপেন্ড করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কিন্তু তারপরেও থামে না স্লোগান ও পাল্টা স্লোগান। তখনই চার বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ।

যার জেরে চার বিধায়ক – শংকর ঘোষ, মনোজ ওঁরাও, দীপক বর্মন ও অগ্নিমিত্রা পালকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রীতিমতো মার্শাল ডেকে তাঁদের অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। বাইরে বেরিয়ে ফের অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। কেউ কেউ বিধানসভার নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন।

এদিন বিজেপি বিধায়কদের মার্শাল ডেকে বের করায় বিশৃঙ্খলা আরও বাড়ে। অভিযোগ, বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় মার্শালের কলার ধরে ধাক্কা দেন। আরেক বিধায়ক মিহির গোস্বামীও চেপে ধরেন মার্শালকে। নিরাপত্তারক্ষীরা পালটা বলপ্রয়োগ করে সবাইকে বের করে দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে অধিবেশন বয়কট করে বিজেপি।

এই বিষয়ে, বিধায়ক শংকর ঘোষ জানিয়েছেন, ‘ফ্লোরের মধ্যে আমাদের ফেলে মারা হয়েছে। মহিলা বিধায়কদের গায়েও হাত তুলেছে। তারপর টানতে টানতে কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি, আগের দিনও এরা একই পরিস্থিতি তৈরি করা হয়েছিল।’





