কলকাতা লিগের প্রথম দিনের অনুশীলনে সবুজ মেরুন

গতবার কলকাতা লিগে খুব একটা আশারুরূপ ফলাফল করতে পারেনি মোহনবাগান। গ্রুপে সাত নম্বরে শেষ করেছিল মোহনবাগান। যার ফলে হতাশ হয়েছিলেন সমর্থকরা। কিন্তু এই বছর ভালো ফলাফল করার ব্যাপারে আশাবাদী সবুজ মেরুন। ইতিমধ্যেই কলকাতা ময়দানে বিভিন্ন ছোট দলগুলো কলকাতা ফুটবল লিগের অনুশীলন শুরু করে দিয়েছে বেশ কয়েক সপ্তাহ হল। তবে কিছুটা দেরিতে হলেও, সোমবার থেকে প্রশিক্ষণ শুরু করল মোহনবাগান সুপার জায়ান্টস।

এবার লক্ষ্য লিগ জয়। কোচ ডেগি কার্ডোজের নেতৃত্বে অধিকাংশ বাঙালি ফুটবলার নিয়ে যুবভারতী প্র্যাক্টিস গ্রাউন্ডে লিগের অনুশীলন শুরু মোহনবাগানের। তবে এই বছর মোহনবাগানের অনুশীলনের দেখা গেল ৩১ জন ছেলের মধ্যে অধিকাংশই বাঙালি। বেশ কয়েক বছর পর বাঙালি নির্ভর মোহনবাগানের দল দেখে বেশ খুশি কলকাতা ময়দানের প্রাক্তনীরা। পাশাপাশি প্রথম দিনের অনুশীলনে দেখা গেল একদিকে অনুশীলন চলছে কলকাতা লিগের ফুটবলারদের, অন্যদিকে নতুন একঝাঁক ফুটবলারদের ট্রায়াল করানো হচ্ছে। যা অত্যন্ত ভালো দিক বাঙালি ফুটবলার উঠে আসার জন্য। আর এই বছর লিগে বাঙালি ফুটবলারদের নিয়ে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ ডেগি কার্ডোজো।





