প্রথম টেস্ট হারের পর কঠিন পরীক্ষা টিম ইন্ডিয়ার

প্রথম টেস্টে ইংল্যান্ডের মাটিতে লিডসে ভারতের দুই ইনিংস মিলিয়ে পাঁচ সেঞ্চুরির পরেও, পাঁচ উইকেটে টেস্ট হার ভারতের। যার ফলে সমালোচনার মুখে পড়েছে ভারতীয় বোর্ড। দ্বিতীয় টেস্টে যে কোন উপায়ে দলকে জয়ে ফেরাতে হবে। এখন কঠিন চ্যালেঞ্জ গৌতম গম্ভীর এর টিমের কাছে। প্রথম টেস্টে অত্যন্ত জঘন্য মানের ফিল্ডিং প্রদর্শন করেছে ভারতীয় দল। প্রচুর ক্যাচ মিস, সহজ ফিল্ডিং মিস অনেকটা সুবিধা করে দিয়েছে ইংল্যান্ডকে। ফলে দ্বিতীয় টেস্ট শুরুর আগে দলের ফিল্ডিং এর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
বুধবার থেকে বাকিংহ্যামের এজবাস্টনে শুরু দ্বিতীয় টেস্ট। এই টেস্টে ভারতীয় দলে এক দুটো পরিবর্তন আসতে পারে। দলের বোলাররা একদম ব্যাট করতে পারছে না সেই সমস্যাও ভুগিয়েছে টিম ইন্ডিয়াকে। সার্দুল ঠাকুর চূড়ান্ত ব্যর্থ। ফলে সার্দুলের জায়গায় দলে আসতে পারেন ব্যাটিং অলরাউন্ডার নীতীশ রেড্ডি। নীতীশ ভালো ব্যাট করেন, মিডিয়াম পেস বলেও দাপট দেখাতে পারেন।
পাশাপাশি দ্বিতীয় টেস্টে দুই স্পিনার নিয়ে খেলতে পারে ভারতীয় দল। কারণ প্রথম টেস্টে একমাত্র স্পিনার জাদেজাকে খেলিয়ে কিছুটা সমস্যায় পড়েছে ভারত। তাই দ্বিতীয় স্পিনার হিসেবে দলে আসার সম্ভাবনা ওয়াশিংটন সুন্দরের। দলের অনুশীলনে কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর দুইজনেই প্রস্তুতি সেরেছেন। কিন্তু পাল্লা ভারি ওয়াশিংটনের। কারণ ওয়াশিংটন বোলিং এর পাশাপাশি সুন্দর ব্যাট উপহার দিতে পারেন। তাই দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন অতিরিক্ত স্পিনার হিসেবে দলে ওয়াশিংটন সুন্দরের খেলার সম্ভাবনা বেশি। অন্যদিকে আবার উইকেটে কিছুটা ঘাস রয়েছে, বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সুবিধা পাবেন পেস বোলাররা। তাই পরিস্থিতি দেখে ম্যাচ শুরুর আগে সিদ্ধান্ত নেওয়া হবে দলে সার্দুলের জায়গায় অতিরিক্ত স্পিনার হিসেবে ওয়াশিংটন আসবেন নাকি মিডিয়াম পেসার হিসেবে নীতীশ রেড্ডি খেলবেন!
অপরদিকে ইংল্যান্ড ইতিমধ্যেই তাদের দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে দিয়েছে। ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দলেও ফিরছেন না তাদের তারকা ফার্স্ট বোলার জোফ্রা আর্চার। যা কিছুটা স্বস্তির খবর ভারতীয় শিবিরের জন্য। দ্বিতীয় টেস্টেও ইংল্যান্ড দল অপরিবর্তিত থাকছে। উইনিং কম্বিনেশন পরিবর্তন করতে চাইছে না ইংল্যান্ডে। তারা দ্বিতীয় টেস্টেও জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। ফলে বুধবার থেকে ইংল্যান্ডের মাটিতে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে নয়া অধিনায়ক শুভমান গিলের ভারতকে।





