Breaking NewsPOLITICS

স্নায়ুর রোগে সংকটজনক সৌগত রায়!

গুরুতর অসুস্থ সাংসদ সৌগত রায়। একাধিক শারীরিক সমস্যা নিয়ে গত ২২ জুন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মূলত জটিল স্নায়ুর রোগে আক্রান্ত তিনি। মঙ্গলবার হাসপাতালে প্রবীণ সাংসদকে দেখতে আসেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুকুমার মুখ্যোপাধ্যায়, নতুন একটি মেডিক্যাল বোর্ড তৈরি করতে বলেছেন তিনি। বুধবার নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, কার্ডিওলজিস্টদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। অক্সিজেন চলছে অসুস্থ সাংসদের। তাঁকে প্রতিদিন ২ লিটার অক্সিজেন দিতে হয়েছে। যা নিয়ে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

তৃণমূল সূত্রে খবর, বলতে গিয়ে কথা জড়িয়ে যাচ্ছে সাংসদের। তা ছাড়া পিঠের ব্যথায় ভুগছেন তিনি। তাঁর চিকিৎসায় গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। সাংসদের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা: মনোজ সাহার নেতৃত্বাধীন মেডিক্যাল টিমে রয়েছেন চিকিৎসক ডা: বৈভব শেঠ, ডা: অরিন্দম মৈত্র এবং ডা: রাহুল জৈন।

এদিকে, সর্বশেষ বুলেটিন অনুযায়ী, হালকা জ্বর, তন্দ্রাচ্ছন্নতা থাকলেও সম্পূর্ণ জ্ঞান রয়েছে প্রবীণ সাংসদের। খাবার দেওয়া হচ্ছে রাইলস টিউব-এর মাধ্যমে। সংক্রমণ রুখতে চলছে ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক৷ ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। ধরা পড়েছে এনসেফেলোপ্যাথি (মস্তিষ্কের জটিল স্নায়ুর সমস্যা), যার ফলে জড়িয়ে যাচ্ছে কথা। ব্যবহার করা হচ্ছে ক্যাথিটার ও নেবুলাইজার৷ রক্তে পটাশিয়ামের মাত্রা নামানো গিয়েছে বর্ষীয়ান এই রাজনীতিবিদের। কিডনির সমস্যা কিছুটা কমলেও, এখনও রয়েছে একাধিক কোমর্বিডিটি। যদিও, চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন, মস্তিষ্কে রক্ত সঞ্চালনে জটিলতা, উচ্চ রক্তচাপ, সুগার, কোলেস্টেরল এবং ফুসফুসের সংক্রমণ ক্রমশ পরিস্থিতি কঠিন করে তুলছে।

গত ২২ জুন থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ তৃণমূল সাংসদ। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার অসুস্থ হয়ে পড়লেন তিনি। গত ১০ মার্চ লোকসভা অধিবেশন শেষে সংসদ থেকে বেরোনোর সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। আবার দিঘায় জগন্নাথধামের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও, অক্ষয় তৃতীয়ার দিন আচমকাই হন। পরিবার প্রথমে তাঁকে নিয়ে যায় বেলঘরিয়ার এক নার্সিংহোমে। অবস্থার অবনতি হওয়ায় পরে ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে।

সৌগত রায়ের অসুস্থতা ঘিরে উদ্বেগে রয়েছেন সহকর্মীরা। রাজ্য তথা জাতীয় রাজনীতিতে তাঁর ভূমিকা দীর্ঘদিনের। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতানেত্রী বার্তা পাঠিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button