পুজোয় ভারী বৃষ্টি, দুর্ভোগ এড়াতে নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার

ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জল জমতে দেখা গিয়েছে কলকাতায়। যদিও বৃষ্টি কিছুটা কমার পরে সেই জল নেমেও গিয়েছে। এই আবহে বর্ষা এবং বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখে আগামী অক্টোবর পর্যন্ত কলকাতা পুরসভার নিকাশি বিভাগের কর্মী ও আধিকারিকদের যাবতীয় ছুটি বাতিল করল কলকাতা পুরসভা। পাশাপাশি, শহরের নিকাশি পাম্পিং স্টেশনগুলির উপরে ২৪ ঘণ্টা নজরদারি নির্দেশ দেওয়া হয়ছে। বর্ষা মিটে গেলেও পরিস্থিতির উপরে নজরদারি চালানোর জন্যই এই সিদ্ধান্ত এমনটাই পুরসভা সূত্রের খবর। চলতি বর্ষায় ইতিমধ্যেই উত্তর ও পূর্ব কলকাতার বিভিন্ন রাস্তা অস্বস্তিতে ফেলেছে নিকাশি বিভাগকে।
যে সব এলাকায় জল দাঁড়ানোর সম্ভাবনা বেশি, সেখানে অন্তত ১০০০ শ্রমিক কাজ করছেন। তাঁদের ছোট ছোট দলে ভাগ করে ১০০ জন ইঞ্জিনিয়ারকে দেওয়া হয়েছে পরিচালনার দায়িত্ব।
২৪ ঘণ্টা নিকাশি পাম্পিং স্টেশনগুলির উপরে নজরদারি নির্দেশ দেওয়া হয়ছে । এত কিছুর পরেও উত্তর কলকাতার বিধান সরণি, মুক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া, আমর্হাস্ট স্ট্রিট, মহাত্মা গান্ধী রোডে ক’দিন আগেই জল জমেছিল।
আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শহরে শুরু হচ্ছে দুর্গাপূজা। তারপর লক্ষ্মীপুজো, কালীপুজো, দীপাবলী এবং ছটপুজোও রয়েছে। সে কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুরসভার একটি সূত্র।
এই বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, ভারী বৃষ্টির কারণেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। যাতে কোথাও জল জমে না থাকে এবং ভারী বৃষ্টি হলেও যাতে সাধারণ মানুষের কোনও ধরণের অসুবিধা না-হয়, সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





