পিছিয়ে যাচ্ছে সমুদ্র? আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্পের পরই জারি সুনামির সতর্কতা

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা প্রদেশ। জারি হয়েছে সুনামির সতর্কতা। রিখটার স্কেলে কত ছিল ভূমিকম্পের মাত্রা? রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে এসে আশ্রয় নেয় সাধারণ মানুষ।
এদিকে আলাস্কায় তীব্র ভূমিকম্পের পরই জারি করা হয়েছে সুনামি সতর্কতা। যে কোনও সময় আছড়ে পড়তে পারে সামুদ্রিক ঢেউ। তাই জনগণকে আগাম সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
সূত্রের খবর, বুধবার স্থানীয় সময়ে ১২টা ৩৭ মিনিট নাগাদ এই শক্তিশালী ভূমিকম্পটি হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী, এর মূলকেন্দ্র ছিল আলাস্কার স্যান্ড পয়েন্ট আইল্যান্ডের দক্ষিণে ৮৭ কিলোমিটার দূরে। ভূপৃষ্ট থেকে ২০.১ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
এদিকে, মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে স্যান্ড পয়েন্টের দক্ষিণে ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরীয় ও উত্তর আমেরিকার পাতের মধ্যে সাবডাকশন জোন ইন্টারফেসের উপরে বা তার কাছাকাছি থ্রাস্ট ফল্টিংয়ের ফলে ঘটেছে। আলাস্কার ঐ অঞ্চলে এক বাসিন্দার তোলা ভিডিয়ো ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে যে তীব্র ভূমিকম্পে পুরো এলাকা কেঁপে উঠছে। যদিও আলাস্কায় আঘাত হানা এই তীব্র ভূমিকম্পে কেউ আহত হয়নি, কোনও ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।





