
উইকেন্ডে ফের বাড়ছে বৃষ্টির আশঙ্কা। রবিবার সকাল থেকে মুখ ভার আকাশের। কোথাও কোথাও ভোর থেকে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। আজ দিনভর দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণবঙ্গে। প্রবল বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল তা পশ্চিমে সরে গিয়েছে। ফলে পশ্চিমবঙ্গের উপর তার কোনও প্রভাব পড়বে না আর। পাশাপাশি একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে কয়েকটি জেলার উপর। মৌসুমি অক্ষরেখাও বর্তমানে সক্রিয়। ফলে বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে।
রবিবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকবে। আর্দ্রতাজনিত কারনে বাড়বে অস্বস্তি।
অপরদিকে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে। এই জেলাগুলিতেও হলুদ সর্তকতা জারি করা হয়েছে।





