Breaking NewsPOLITICSঅন্যান্যআরও ≡জেলাদেশরাজ্য

মহারাষ্ট্রে ফের বাংলভাষীকে মারধর, রাজ ঠাকরের দলের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ

মহারাষ্ট্রে ফের পরিযায়ীকে লক্ষ্য করে মারধরের অভিযোগ উঠল। মারাঠি ভাষা না জানায় তাঁকে কেবল হেনস্তাই নয়, দেওয়া হল রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার হুমকিও। অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র কর্মীদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার একটি ভিডিও, যদিও তার সত্যতা যাচাই করা হয়নি। ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম বৈদ্যনাথ পণ্ডিত। ভিন রাজ্যের বাসিন্দা বৈদ্যনাথ বৃহস্পতিবার নাসিকে গাড়ি চালানো শিখতে গিয়ে এক প্রতিবেশীর গাড়িতে ধাক্কা মারেন। এরপরই দুই পরিবারের মধ্যে বচসা বাধে। যদিও প্রথম দিনেই বিষয়টি মিটে যায় বলে দাবি করা হয়েছে। কিন্তু অভিযোগ, পরদিনই ওই প্রতিবেশী এমএনএস কর্মীদের খবর দেন। এরপরই বৈদ্যনাথের উপর চড়াও হন রাজ ঠাকরের অনুগামীরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন এমএনএস কর্মী এবং ওই প্রতিবেশী মিলে বৈদ্যনাথকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করছেন। তাঁদের মধ্যে একজন অভিযুক্ত সরাসরি প্রশ্ন করেন, তিনি মারাঠি ভাষা জানেন কি না। এরপর তাঁকে হুমকি দিয়ে বলা হয়, মারাঠি না শিখলে মহারাষ্ট্র থেকে তাঁকে তাড়িয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, বৈদ্যনাথের অভিযোগ, অভিযুক্তরা তাঁর স্ত্রীকেও চড় মেরেছে।

উল্লেখ্য, এই ধরনের ঘটনা মহারাষ্ট্রে নতুন নয়। এর আগেও একাধিকবার মারাঠি ভাষা না জানা পরিযায়ীদের মারধরের অভিযোগ উঠেছে এমএনএস কর্মীদের বিরুদ্ধে। সম্প্রতি এক সুলভ শৌচালয় কর্মীকে একই কারণে মারধরের অভিযোগ ওঠে। এমনকি গত জুলাই মাসে হিন্দি ভাষায় কথা বলায় এক গাড়ি চালককেও প্রকাশ্যে হেনস্তা ও মারধরের ঘটনা ঘটে। ফলে ফের একবার ভাষা রাজনীতি ঘিরে উত্তপ্ত মহারাষ্ট্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button