‘সকলকে মুছে দেব, কেউ বাঁচবে না’, দিল্লির ২৩টি স্কুলে বো*মাত*ঙ্ক!

বার বার একই ঘটনা। হুমকি মেইল আসছে স্কুলে স্কুলে। শুক্রবার দিল্লিতে কমপক্ষে ২০টি স্কুলে এবং বেঙ্গালুরুতে ৪০ টি বোমাতঙ্কে শোরগোল পড়ে গিয়েছে দুই রাজ্যে। খবর পেয়ে পুলিশ ও দমকলের যৌথ তল্লাশি শুরু হয়েছে। সমস্ত হুমকি মেইলের সন্ধান চলেছে।
রহস্যজনক ইমেলে বলা হয়েছে, ‘এই পৃথিবী থেকে আমি তোদের সক্কলকে মুছে দেব। একজনও বেঁচে থাকবে না। এই খবর যখন দেখব তখন আমার খুশির শেষ থাকবে না। আমি আনন্দে হাসতে থাকব। আমি দেখতে চাই বাবা-মায়েরা স্কুলে এসে নিথর, ঠান্ডা হয়ে যাওয়া, ছিন্নভিন্ন দেহ জড়িয়ে ধরে কাঁদছে। ই মেল লেখক আরও লিখেছে, তোদের সকলের শাস্তি পাওয়াই উচিত। আমিও আমার জীবনকে ঘৃণা করি। এই খবর পাওয়ার পরেই আমি নিজেকেও শেষ করে দেব। এ পর্যন্ত বলে সে নিজেই নিজের মানসিক ব্যাধির কথা প্রকাশ করেছে। আমার মতোই তোমাদের সকলের যন্ত্রণা ভোগ দেখতে চাই আমি।’
দিল্লির পশ্চিম বিহার এলাকার একটি স্কুল, রোহিনী সেক্টর-৩-র অভিনব পাবলিক স্কুল-সহ শহরে আরও ২০-টির বেশি স্কুলে হুমকি মেইল গিয়েছে। এই মেল কে বা কারা পাঠাচ্ছে তার উৎস খুঁজে পাওয়া যায়নি। তদন্ত চলছে। বেঙ্গালুরুর আরআর নগর, কেঙ্গেরি এলাকার স্কুলগুলিতে হুমকি মেইল পাঠানো হয়েছে। এই ঘটনায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মারলিনা নিজের এক্স হ্যান্ডেলে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।বিগত কয়েকদিন ধরেই লাগাতার দিল্লির স্কুল-কলেজগুলিতে বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। যা শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তবে এখনও পর্যন্ত কোনও স্কুলে বোমা পাওয়া যায়নি।
স্কুলের নিরাপত্তারক্ষী ও কর্মীরা সকলকে নিরাপদে দূরত্বে সরে যেতে সাহায্য করেন। পুলিশ ও বম্ব স্কোয়াড স্কুল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েছে। উল্লেখ্য, গত বুধবার দিল্লির অন্তত ৭টি স্কুলে বোমা রাখা আছে বলে হুমকি এসেছিল। তার আগে সোম, মঙ্গলবারেও একই ঘটনা ঘটেছিল রাজধানীর বুকে।





