Breaking News

১৬৫৪ কোটির আর্থিক অনিয়ম! মিন্ত্রার বিরু.দ্ধে মামলা ইডির

ইডির কাঠগড়ায় ভারতের অন্যতম বৃহৎ ই-কমার্স শপিং প্ল্যাটফর্ম। মিন্ত্রা ডিজাইনস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ বিদেশি বিনিয়োগ আইন লঙ্ঘনের। ১৬৫৪.৩৫ কোটি টাকার বেআইনি কার্যকলাপের অভিযোগ রয়েছে।

ফেডারেল তদন্ত সংস্থার পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) নীতিমালার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন ও কার্যকলাপ চালিয়েছে মিন্ত্রা। নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য পাওয়ার পরেই ইডি ফেমা-র ধারা ১৬(৩)-এর অধীনে এই মামলা শুরু করেছে। তদন্তকারীরা অভিযোগ করেছেন, মিন্ত্রা এবং এর সংশ্লিষ্ট সংস্থাগুলি ‘হোলসেল ক্যাশ অ্যান্ড ক্যারি’ ব্যবসার নামে প্রকৃতপক্ষে ‘মাল্টি-ব্র্যান্ড রিটেল ট্রেডিং’ করে আসছিল। অথচ ভারতে মাল্টি-ব্র্যান্ড রিটেল ট্রেডিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সীমাবদ্ধতা ও শর্ত রয়েছে, যা এফডিআই নীতিমালায় পরিষ্কারভাবে নির্ধারিত। এই নিয়ম ভেঙেই ব্যবসা পরিচালনা করা হচ্ছিল বলে অভিযোগ।

বর্তমানে তদন্ত প্রাথমিক স্তরে রয়েছে এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলির লেনদেন, বিনিয়োগ ও মালিকানা কাঠামো ঘিরে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, তদন্তে উঠে আসা নির্দিষ্ট পরিচালক এবং শেয়ারহোল্ডারদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এ বিষয়ে মিন্ত্রা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত, মিন্ত্রার সদর দফতর কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে। ২০০৭-০৮ সালে আশুতোষ লওয়ানিয়া এবং বিনীত সাক্সেনার সঙ্গে মুকেশ বনসল সংস্থাটিকে প্রতিষ্ঠা করেন। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই ই-কমার্স সংস্থা বিদেশের মাটিতেও ব্যবসা পৌঁছে দিয়েছে। সিঙ্গাপুরে তাদের বাণিজ্য শুরুর কথা জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button