রক্তের নতুন গ্রুপ আবিষ্কার! সন্ধান মিলল রক্তের ‘বিরলতম’ নতুন গ্রুপের

চিকিৎসা জগতে এক বড় সাফল্য। সন্ধান মিলল রক্তের ‘বিরলতম’ নতুন গ্রুপের। গোটা বিশ্বে কেবল একজনের শরীরেই বয়ে চলেছে। এবার এমনই এক বিরল রক্তের গ্রুপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। ক্যারিবিয়ান দ্বীপ গুয়াদেলুপের বাসিন্দা এক ফরাসি মহিলার শরীরে মিলেছে নতুন ওই রক্তের গ্রুপ। যার নাম ‘গোয়াদা নেগেটিভ’। ফ্রান্সের রক্ত সরবরাহকারী সংস্থা এমনটাই দাবি করেছে। এটাই নাকি বিশ্বে নতুন রক্তের গ্রুপ। বর্তমানে তিনিই এই গ্রুপের একমাত্র ধারক। বাবা-মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তা মিলেছে। তাঁদের জিনের মিউটেশনের কারণেই এমনটা সম্ভব হয়েছে।

ইএফএস সূত্রে খবর , ১৫ বছর আগে ওই মহিলার অস্ত্রোপচারের আগে রুটিন পরীক্ষার সময় তাঁর শরীরে অজানা এক রক্তের গ্রুপের সন্ধান মিলেছিল। তিনি তখন প্যারিসে থাকতেন। তাঁর বয়স তখন ছিল ৫৪ বছর। তাঁর রক্ত নিয়ে বিস্তর পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। সেই সময় একটি ‘অস্বাভাবিক’ অ্যান্টিবডি শনাক্ত হলেও প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে গবেষণা এগোয়নি।

অবশেষে ২০১৯ সালে ‘হাই-থ্রুপুট ডিএনএ সিকোয়েন্সিং’ প্রযুক্তির সাহায্যে এই রহস্য উন্মোচিত হয় এবং একটি জেনেটিক মিউটেশনকে চিহ্নিত করা সম্ভব হয়। বিজ্ঞানীরা জানান, ‘গোয়াদা নেগেটিভ’ বিশ্বের নতুন রক্তের গ্রুপ। চলতি মাসের শুরুতে মিলানে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন এই নতুন রক্তের গ্রুপকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। ইএফএস জানিয়েছে, এটি পৃথিবীর ৪৮তম রক্তের ‘গ্রুপ সিস্টেম’।





