ফুঁসছে বঙ্গোপসাগর, ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে!

এক নিম্নচাপ সরতে না সরতেই আর এক নিম্নচাপের পূর্বাভাস । আবহাওয়া সূত্রের খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। এবার ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে এগোতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যেই পৌঁছে যাবে ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে। যার জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছেই। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে অন্যান্য জেলার তুলনায় উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে।
নিম্নচাপ তো রয়েইছে, সঙ্গে মৌসুমী অক্ষরেখাও সক্রিয় পুরোদমে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা থেকে তা একেবারে রাজস্থানের নিম্নচাপ এলাকা পর্যন্ত এই পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃর্ত রয়েছে। দক্ষিণ রাজস্থানের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। ফলে দুর্যোগের ঘনঘটা থেকে এখনই যে নিস্তার নেই, তা বলার অপেক্ষা রাখে না।

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা কলকাতার। কোথাও কোথাও চলছে ঝিরঝিরে বৃষ্টি। অপরদিকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়ায় জারি সতর্কতা। প্রবল আশঙ্কা সমুদ্র উত্তাল হওয়ার। সেইকারণে মৎসজীবীদের সমুদ্রে না যাওয়ার কথা বলা হয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ, ফলে ভ্যাপসা গরম কিছুটা থাকলেও অতিরিক্ত দাবদাহ থেকে রেহাই মিলছে আপাতত।
অপরদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।





