বন্ধ কবি সুভাষ মেট্রো! শাটল বাস সার্ভিস চালু রাজ্যের

কবি সুভাষ মেট্রো স্টেশনের চারটি পিলারে ফাটল তৈরি হয়। তারই জেরে প্রায় এক বছর পর্যন্ত কবি সুভাষ মেট্রো স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। চলবে স্টেশন সংস্কারের কাজ। তাই এবার যাত্রী দুর্ভোগ মেটাতে কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত শাটল বাস পরিষেবা চালু করছে রাজ্য পরিবহণ দফতর।
সূত্রের খবর, কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম শাটল বাস সার্ভিস চালু করছে রাজ্য। আগামী সোমবার থেকে এই পরিষেবা পাবে যাত্রীরা। ৩২ সিটের এই বাস অফিস টাইমে সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেলে ৫টা থেকে ৮টা কবি সুভাষ-ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মধ্যে যাতায়াত করবে। যার ভাড়া ১০ টাকা।
মূলত শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে গড়িয়া বা নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশনের দিকে যাওয়ার যারপরনাই সমস্যার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। দীর্ঘ অটোর লাইন, অল্প দূরত্বের জন্য স্থানীয় রিক্সাওয়ালাদের একটা বড় অংশের মোটা টাকা ভাড়া দাবি থেকে শুরু করে অফিস যাওয়া-আসার পথে যাত্রী দুর্ভোগ বেড়েই চলেছে। এই কারনেই এই শাটল ব্যবস্থা বলে খবর।
এই প্রসঙ্গে এক নিত্যযাত্রী বলেন, কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরামে মেট্রোয় চেপে পৌঁছতে সময় লাগত দু’মিনিট। এখন অটোয় গড়িয়া স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন গিয়ে মেট্রো ধরতে ৪০ মিনিট লেগে যাচ্ছে। আগামী প্রায় এক বছর এই ভোগান্তি সঙ্গী হবে এই অঞ্চলের মানুষের।





