
২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা দফতর শনিবার বিভিন্ন কোটার প্রার্থীদের ভর্তির সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। স্টেট কোটা, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা ও এনআরআই কোটার প্রার্থীরা এখন নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি হতে পারবেন।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দফার ফল প্রকাশিত হবে ২৩ আগস্ট শনিবার। সকাল ১১টায় ফল প্রকাশের পর দুপুর ১২টা থেকে সফল প্রার্থীরা ভর্তি হতে পারবেন। এদিন বিকেল ৫টা পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া। ২৫-২৬ আগস্টও সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা নির্ধারিত কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম চালাতে পারবেন।
সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির নিয়ম আলাদা। তা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। প্রাইভেট মেডিক্যাল কলেজে আসল নথি, কলেজের নির্দিষ্ট ফি ও বন্ড জমা দিয়ে ভর্তি হতে হবে। প্রাইভেট ডেন্টাল কলেজের ক্ষেত্রে রিপোর্টিংয়ের পর নথি যাচাই হবে। তারপর ভর্তি হতে পারবেন প্রার্থীরা।
স্বাস্থ্য শিক্ষা দফতরের তরফে আরও জানানো হয়েছে , দ্বিতীয় পর্যায় থেকে পরবর্তী সকল রাউন্ডের সময়সূচি অপরিবর্তিত থাকবে। ৬ অগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ীই চলবে ভর্তি প্রক্রিয়া। এরপর কোনও পরিবর্তন হলে তা অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করা হবে। এজন্য প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইটে নজর রাখার অনুরোধ করা হচ্ছে





