Breaking Newsআবহাওয়া

ফের ভ্রুকুটি নিম্নচাপের! ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল। জানা যাচ্ছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বিকানের, সিকর হয়ে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে পুরুলিয়া-কাঁথি পর্যন্ত বিস্তৃত। ২৪ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যে অত্যন্ত সক্রিয়। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে স্থলভাগে। যার জেরে দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টি শুরু হতে পারে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তারই জেরে তুমুল বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামীকাল ২৩ জুলাই থেকে একটানা সপ্তাহের একেবারে শেষ ভাগ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উপকূলের জেলাগুলি অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় একটানা দিন পাঁচেক ধরে বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

মঙ্গলবার রোদের দেখা মিলেছে কলকাতার আকাশে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৫ এবং সর্বনিম্ন ৬৮ শতাংশ।

অপরদিকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে আজকের পরে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button